চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত


মদীনা মক্কা থেকে উত্তম

২৪. عَنْ رَافِعْ بْنِ خَدِيْجٍ  رَضِيَ اللهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِيْنَةُ خَيْرٌ مِنْ مَكَّةَ

২৪.  অনুবাদ : হযরত রাফে ইবনে খাদীজ (رضي الله عنه)নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মদীনা মক্কা থেকে উত্তম।

➥[৫৯] তাবরানী ও দারে কুতুনী, সূত্র: আরবাউনা হাদিসান ফি ফাযায়িলিল মদীনাতিল মুনাওয়ারা, পৃ, ৮৭


ব্যাখ্যা: ইমাম নববী (رحمة الله) বলেন,ইমাম মালেক (رحمة الله) বলেন, মদীনা মুনাওয়ারা পৃথিবীর সমস্ত শহর থেকে উত্তম এবং এর ফযিলত সমস্ত শহরের চেয়ে বেশী।

➥[৬০] আল্লামা আইনী, (৮৫৫ হি.) উমদাতুল কারী, খন্ড- ১০, পৃ. ২৩৫


আল্লামা আইনী (رحمة الله) বলেন, ইমাম মালেক ও ইমাম আহমদ (رحمة الله)’র মত এটিই। ইমাম আবু হানিফা ও ইমাম শাফেঈ (رحمة الله)’র মতে মক্কা মদীনা থেকে উত্তম।

মদীনার ফযিলত বর্ণনায় ইমাম মানভী (رحمة الله) বলেন- কেননা মদীনা হল রাসূলুল্লাহ্ (ﷺ)’র হারম, ওহী অবতরণের স্থান, বরকতের স্থান। যেখান থেকেই ইসলামের কালিমা বুলন্দ হয়েছে। মদীনাই হল শরীয়তের কেন্দ্রবিন্দু। অধিকাংশ ফরয বিধান সেখানেই নাযিল হয়েছে। হযরত ওমর (رضي الله عنه)ও ইমাম মালেক (رحمة الله)’র মতে এবং অধিকাংশ মদীনাবাসী ওলামাগণের মতে মদীনা মক্কা থেকে উত্তম। তবে জমহুর ওলামাগণের মতে মক্কা মদীনা থেকে উত্তম। উপরোক্ত হাদিস ব্যাখ্যা সাপেক্ষ। অর্থাৎ নিরাপত্তার দিক দিয়ে উত্তম।

➥[৬১] শরহে আরবাউনা হাদিসান ফি ফাযায়িলিল মদীনাতিল মুনাওয়ারা, পৃ, ৮৮       


ইমাম কাস্তালানী (رحمة الله)  বলেন, হযরত আবু বকর (رضي الله عنه)থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) এরশাদ করেন, কোন নবীর উপর ঐ স্থানে মৃত্যু আসে যে স্থানটি নবীর নিকট অধিক প্রিয় হয়। আর যে স্থান নবী করিম (ﷺ) এর প্রিয় হয় তা আল্লাহ তায়ালার নিকটও প্রিয় হয়। সুতরাং যে স্থানটি আল্লাহ ও তাঁর রাসূলের নিকট প্রিয় সে স্থানটিই সবচেয়ে উত্তম হয়।

মদীনা মুনাওয়ারা মক্কা মুকারামাসহ সকল শহর থেকে উত্তম।

হাকেম এর বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ)এরশাদ করেন, হে আল্লাহ! তুমি আমাকে এমন শহরে হিজরত করার আদেশ দিয়েছ যা আমার নিকট সবচেয়ে প্রিয় ছিল। এখন আমাকে এমন শহরে বসবাস করাও যা তোমার নিকট সবচেয়ে প্রিয়। এর দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ ও তাঁর রাসূলের নিকট মদীনা সবচেয়ে প্রিয়।

একথার উপর একটি প্রশ্ন আসতে পারে যে, হাদিস শরীফে আছে, اِنَّ مَكَّةَ خَيْرٌ مِنْ بِلَادِ اللهِ মক্কা সমস্ত শহরের মধ্যে উত্তম। অপর রেওয়ায়েতে আছে- اِنَّ مَكَّةَ اَحَبَّ اَرْضِ اللهِ اِلَى اللهِ নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর পৃথিবীর মধ্যে মক্কাই পছন্দনীয়। উপরোক্ত হাদিস দুটি দ্বারা মক্কা মুকাররমার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এর উত্তরে আল্লামা সামহুদী (رحمة الله) বলেন, এসব হাদিস হিজরতের পূর্বের। কেননা, নবী করিম (ﷺ) তাঁর সাহাবীগণকে মদীনায় বসবাস করার ও মৃত্যু বরণ করার প্রতি উৎসাহিত করেছেন।

➥[৬২] শরহে মুসলিম, কৃত আল্লামা গোলাম রাসূল সাঈদী (رحمة الله) খন্ড ৩, পৃ. ৭৩৫-৭৩৬


আল্লামা সামহুদী (رحمة الله) বলেন, মক্কায় হজ্বের ফযিলত আছে, পক্ষান্তরে মদীনায় যিয়ারতে নবীর ফযিলত আছে। মক্কায় মসজিদে হারামের ফযিলত আছে, পক্ষান্তরে মদীনায় মসজিদে নববীর ফযিলত আছে। হাদীস শরীফে আছে.

 مَنْ حَجَّ اِلَى مَكَّةَ ثُمَّ قَصَدَنِىْ فِىْ مَسْجِدِىْ كُتِبَتْ لَهُ حَجَّتَانِ مَبْرُوْرَتَانِ

যে ব্যক্তি মক্কায় হজ্ব সমাপন করে আমার উদ্দেশ্যে রওয়ানা হয়ে আমার মসজিদে আসে তার জন্য দু’টি মকবুল হজ্জের সাওয়াব লিখিত হয়।

➥[৬৩] জযবুল কুলূব ইলা দিয়ারিল মাহবুব, সূত্র: দৈনন্দিন জীবনে ইসলাম. পৃ. ৩৭৭


মক্কায় ওমরার ফযিলত আছে পক্ষান্তরে মদীনায় মসজিদে কুবার ফযিলত আছে।

➥[৬৪] জযবুল কুলূব ইলা দিয়ারিল মাহবুব, সূত্র: দৈনন্দিন জীবনে ইসলাম., পৃ. ৭৩৭


হাদিস শরীফে আছে-

 اَلصَّلَوةُ فِىْ مَسْجِدِ قُبَاءٍ كَعَمْرَةٍ

মসজিদে কুবায় নামায আদায় করা একটি ওমরার সাওয়াব।

➥[৬৫] আহমদ, তিরমিযী


আল্লামা কাস্তালানী (رحمة الله) বলেন, আমি মদিনাকে মক্কা থেকে উত্তম প্রমাণের জন্য দীর্ঘ আলোচনা শুরু করেছি অথচ আমাদের ইমাম শাফেঈ (رحمة الله) বলেন, মক্কা মদীনা থেকে উত্তম। তবে কথা হল প্রত্যেকে এমন স্থানকে উত্তম বলে, যেখানে তার মাহবুব তথা প্রিয়জন অবস্থান করে।

➥[৬৬] জযবুল কুলূব ইলা দিয়ারিল মাহবুব, সূত্র: দৈনন্দিন জীবনে ইসলাম., পৃ. ৭৩৭)।


++++++++++++

গ্রন্থ: চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত
রচনায়: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।
আরবী প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন